|
প্রিন্টের সময়কালঃ ০৩ এপ্রিল ২০২৬ ০৪:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ এপ্রিল ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ

চারঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ


চারঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ


রাজশাহী ব্যুরো চীফ:

 

 

রাজশাহীর চারঘাটে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা সদরের শহীদ মিনার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার চারঘাট প্রতিনিধি শাহিনুর রহমান সুজন।

 

আহত সুজন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি চারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে চারঘাট পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন (৪৮), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি (৪০), হৃদয় ইসলাম (২৬), আশিক ইসলাম (২৫) এবং মো. রকি (৩৪)-এর নাম উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভায়ালক্ষীপুর সরকারি মাদ্রাসা এলাকায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিষয়ে সংবাদ প্রকাশের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পুকুর খনন করে মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছিল, যার ফলে সড়কের ক্ষতি ও জনদুর্ভোগ বেড়েছে।

 

বুধবার দুপুরে ‘রাতের আঁধারে সরকারি মাদ্রাসার মাটি লুট’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন সুজন। এর পরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুটি এক্সকাভেটর জব্দ ও অকেজো করেন।

 

এদিকে, অভিযানের পর সন্ধ্যায় অভিযুক্ত মনিরুল ইসলাম মনি ফোনে সাংবাদিক সুজনকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ সময় তার হাত কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে সুজন সেই ফোনালাপের ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

রাতেই শহীদ মিনার এলাকায় একটি চায়ের দোকানে অবস্থানকালে মনিরুল ইসলাম মনি ও আলমগীর হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে ঘিরে ধরে বাঁশ ও কাঠের লাঠি দিয়ে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

 

সাংবাদিক সুজন জানান, “সংবাদ প্রকাশের কারণে আমাকে টার্গেট করে এই হামলা করা হয়েছে। এখনো আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

 

তবে উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন তুহিন জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬