সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, যান চলাচল বন্ধের উপক্রম, খাদ্যসংকটে স্থানীয়রা
ডেস্ক নিউজ | ঢাকা প্রেস
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে পাঁচ দফা দাবিতে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে চতুর্থ দফায় এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। এক দিনের বিরতির পর রোববার থেকে পুনরায় শুরু হওয়া কর্মসূচি সোমবার সকালেও অব্যাহত রয়েছে।
সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে এ অবরোধের ডাক দিয়েছে সংগঠন দুটি।
সোমবার সকাল থেকে অবরোধের কারণে সাজেক সড়কে বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২২ অক্টোবর থেকে টানা ১০ দিন সাজেকে সড়ক অবরোধ চলে। স্থানীয় বাসিন্দাদের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট এবং মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিল করে আন্দোলনকারীরা। নির্ধারিত সময় শেষ হওয়ার পর সোমবার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়।
দীর্ঘদিনের অবরোধে সাজেকের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রোববার অবরোধ শিথিল থাকলেও পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে একটি শ্রমিক সংগঠনের ডাকা খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কের অবরোধের কারণে সেদিনও সাজেকে কোনো পণ্যবাহী যানবাহন প্রবেশ করতে পারেনি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধের কারণে সড়কে বড় ধরনের যানবাহন চলাচল করছে না। তবে মাঝেমধ্যে কয়েকটি অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে সাজেকের চলমান পরিস্থিতি নিরসনে গত ২৬ অক্টোবর উজোবাজারে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওই বৈঠকে আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির চারটি বিষয়ে সমঝোতা হলেও একটি দাবি নিয়ে মতপার্থক্য থাকায় আলোচনা অমীমাংসিত থেকে যায়। পরবর্তী সময়ে এ বিষয়ে আর কোনো আলোচনার উদ্যোগ দেখা যায়নি। ফলে সাজেকে অবরোধ প্রত্যাহার নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬