|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ণ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল


সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল


আদালত প্রতিবেদক

 

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছানো হয়েছে। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় বুধবার ঢাকার আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বার পেছাল।
 

ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম আগামী ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
 

মামলায় রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খানকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তানভীর রহমান খান জামিনে আছেন। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে বর্তমানে পলাতক। অন্য আসামিরা কারাগারে রয়েছেন।
 

মামলার তদন্ত প্রথমে শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক (এসআই) করেন। ঘটনার চার দিন পর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করেও ডিবি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে না পারায় পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে দেওয়া হয়।
 

পরবর্তীতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একের পর এক সময় নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত তা আদালতে জমা দেওয়া হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬