|
প্রিন্টের সময়কালঃ ১৩ জুন ২০২৬ ০২:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুন ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ

ইরানের অনুশীলন ভেন্যুর কাছ থেকে পচাগলা মরদেহ উদ্ধার


ইরানের অনুশীলন ভেন্যুর কাছ থেকে পচাগলা মরদেহ উদ্ধার


বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে অবস্থানরত ইরান জাতীয় ফুটবল দলের অনুশীলন ভেন্যুর কাছ থেকে একটি গাড়ির ট্রাঙ্কে রাখা পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সীমান্তবর্তী শহর তিজুয়ানায়, যেখানে বর্তমানে অনুশীলন করছে ইরানের জাতীয় দল।

 

স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) কালিয়েন্তে স্টেডিয়ামের বিপরীতে একটি সুপারমার্কেটের পার্কিং এলাকায় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ধূসর রঙের টয়োটা এসইউভি গাড়ি তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়ির ট্রাঙ্কের ভেতরে কালো ব্যাগে মোড়ানো এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

 

তিজুয়ানা প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিয়মিত টহলরত পুলিশ সদস্যরা সন্দেহজনক গাড়িটি শনাক্ত করেন। পরে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহে সহিংসতার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে সাদা সুরক্ষা পোশাক পরা ফরেনসিক বিশেষজ্ঞরা দীর্ঘ সময় ধরে তদন্ত কার্যক্রম চালান। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য সরিয়ে নেওয়া হয়।

 

কর্তৃপক্ষের ধারণা, গাড়িটি কয়েক দিন ধরে ওই স্থানে পড়ে ছিল। তিজুয়ানায় সাম্প্রতিক সময়ে উচ্চ তাপমাত্রা ও তীব্র রোদের কারণে মরদেহটি দ্রুত পচন ধরেছে বলে মনে করা হচ্ছে।

 

এদিকে বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের জাতীয় দল ‘টিম মেল্লি’ বর্তমানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে। দলটির খেলোয়াড় ও কর্মকর্তাদের যাতায়াতে সশস্ত্র নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান দল প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুশীলনের পরিকল্পনা করলেও পরে তা পরিবর্তন করে মেক্সিকোতে ক্যাম্প স্থাপন করে।

 

স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় বা হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬