|
প্রিন্টের সময়কালঃ ২২ নভেম্বর ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৬ ০৪:১৪ অপরাহ্ণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর প্রশংসা, সমন্বয় জোরদারের সুপারিশ


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর প্রশংসা, সমন্বয় জোরদারের সুপারিশ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

 

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ জরুরি ব্যবস্থাপনা ও দুর্ঘটনা মোকাবিলার সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা এবং অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোর প্রশংসা করেছে সংস্থাটির বিশেষজ্ঞ দল। তবে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে।
 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতি মূল্যায়নে আইএইএর ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশনে এসব বিষয় উঠে এসেছে। গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে এ পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়।
 

শনিবার (২১ নভেম্বর) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান আইএইএর মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি বলেন, আইএইএর মূল্যায়ন বুঝতে হলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ বা অন-সাইট এবং কেন্দ্রের বাইরের বা অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে। অন-সাইট ব্যবস্থাপনার আওতায় কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত। অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনা নির্ভর করে জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর।
 

আইএইএর মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক চিহ্নিত করা হয়েছে। এর একটি হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতাভিত্তিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা। পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এ অভিজ্ঞতা কার্যকর ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
 

অন্যদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতাকেও শক্তিশালী দিক হিসেবে মূল্যায়ন করেছে বিশেষজ্ঞ দল। বিশেষ করে কেন্দ্রের বিশেষায়িত চিকিৎসাসেবা, মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরের প্রশংসা করেছেন তাঁরা।
 

ড. জাহেদুল হাসান বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি কখনোই একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। কেন্দ্রের নিজস্ব সক্ষমতার পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে উঠে আসা তাৎপর্যপূর্ণ।
 

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থাকে আরও কার্যকর করাই এ সুপারিশের মূল উদ্দেশ্য। নিয়মিত প্রশিক্ষণ, প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা আরও বাড়াতে এনপিসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ।
 

পরমাণু বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা বাড়ানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। আইএইএর কোনো সুপারিশের অর্থ এই নয় যে বিদ্যমান ব্যবস্থা দুর্বল বা অকার্যকর। বরং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রস্তুতি যাচাই এবং সমন্বিতভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 

পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং সাড়াদান ব্যবস্থা জোরদারে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।
 

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরুর আগে সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এ পর্যালোচনা দেশের বিদ্যমান প্রস্তুতি মূল্যায়নের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
 

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর এ পর্যালোচনা বিশেষ তাৎপর্য বহন করছে। একদিকে এটি কেন্দ্রটির নিজস্ব জরুরি ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সক্ষমতার আন্তর্জাতিক মূল্যায়ন তুলে ধরেছে, অন্যদিকে জাতীয় পর্যায়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রস্তুতি আরও সুসংহত করার দিকনির্দেশনা দিয়েছে। ফলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে নিরাপত্তা প্রস্তুতি জোরদারে এ মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬