|
প্রিন্টের সময়কালঃ ০১ এপ্রিল ২০২৬ ০৫:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ এপ্রিল ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে ‘মন্দিরে আগুন’ অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র—পূজা উদযাপন ফ্রন্ট


মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে ‘মন্দিরে আগুন’ অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র—পূজা উদযাপন ফ্রন্ট


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে ‘মন্দিরে আগুন’ সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন পূজা উদযাপন ফ্রন্ট।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, মুরাদনগরের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়ির পাশে একটি মন্দির ও একটি বটগাছ রয়েছে, যেখানে ধর্মীয় রীতি অনুযায়ী মানত করা হয়। মানত শেষে অনেকেই সেখানে কাপড় বেঁধে দেন। সম্প্রতি ওই বটগাছে আগুন দেওয়ার একটি ভিডিও ধারণ করে কিছু ফেসবুক পেজ থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে ভিডিও তৈরি করে ধর্মমন্ত্রী ও স্থানীয় প্রশাসনকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যাতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি তৈরি হয়। এ অপপ্রচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল বলেন, ঘটনাস্থলটি তার বাড়ির কাছেই, প্রায় ১০০ গজ দূরে। সেখানে কোনো প্রতিমা স্থাপন করে পূজা করা হয় না; এটি একটি বটগাছ, যেখানে মানুষ মানত করে। রাতের আঁধারে কে বা কারা সেখানে আগুন দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, মুরাদনগরে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায় সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, বটগাছে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, তা সুপরিকল্পিত অপপ্রচার। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সবাইকে গুজবে কান না দিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি রতন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সংশ্লিষ্টরা জানান, ধর্মমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর মুরাদনগরের অস্বচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের মতে, এই সুসম্পর্ক নষ্ট করতেই একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬