পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন খাতের উন্নয়নে ডিসিদের বিশেষ নির্দেশনা
দেশের পর্যটন কেন্দ্রগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশনা দিয়েছে সরকার।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ অংশগ্রহণে এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী জানান, সম্মেলনে পর্যটন শিল্পকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলোর সংস্কার এবং নতুন নতুন পর্যটন আকর্ষণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশেষ করে মনপুরা ও নেত্রকোনার মতো এলাকাগুলোতে আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। মাঠ পর্যায় থেকে আসা প্রস্তাবনাগুলো বাস্তবায়নে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।
পর্যটকদের নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন, দর্শনার্থীরা যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও বেশি পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন দ্বীপের বিষয়ে তিনি জানান, দ্বীপটি নিয়ে সুনির্দিষ্ট আলোচনা না হলেও পর্যটন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মন্ত্রণালয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে।
পর্যটন খাতের বর্তমান অবস্থাকে ‘রুগ্ন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এই খাতকে একটি শক্তিশালী শিল্পে পরিণত করতে কাজ করছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা অনুযায়ী পর্যটনকে আধুনিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকেও এ খাতে উৎসাহিত করা হবে।
দেশের বিমানবন্দরগুলোর উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও ও বগুড়াসহ বেশ কিছু বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ৭ মে বগুড়া বিমানবন্দর পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, বগুড়ায় বিমানবন্দর চালুর পাশাপাশি আমরা একটি ফ্লাইং একাডেমি গড়ে তুলতে চাই। এতে করে দেশের মেধাবী শিক্ষার্থীরা বিমান চালনার প্রশিক্ষণ নিয়ে দক্ষ পাইলট হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬