|
প্রিন্টের সময়কালঃ ২১ জুন ২০২৬ ০২:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

গোলরক্ষকের অবিশ্বাস্য নৈপুণ্যে ইকুয়েডরকে রুখে দিল কুরাসাও


গোলরক্ষকের অবিশ্বাস্য নৈপুণ্যে ইকুয়েডরকে রুখে দিল কুরাসাও


বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই ইতিহাস গড়েছে কুরাসাও। ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দেশটি শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে।

 

রোববার (২১ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কুরাসাওয়ের সবচেয়ে বড় ভরসা ছিলেন গোলরক্ষক এলয় রম। পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি ইকুয়েডরের একের পর এক আক্রমণ প্রতিহত করেন এবং দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন।

 

ম্যাচে এলয় রম মোট ১৫টি সেভ করেন, যা ১৯৬৬ সালের পর অতিরিক্ত সময় ছাড়া অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড। তার অনন্য নৈপুণ্যের কারণেই ইকুয়েডর একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি।

 

পুরো ম্যাচে বল দখলে স্পষ্ট আধিপত্য ছিল ইকুয়েডরের। দলটি ৭৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং ২৬টি শট নেয়, যার মধ্যে ১৫টি ছিল লক্ষ্যে। তবে প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান এলয় রম।

 

অন্যদিকে কুরাসাও ১০টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বল দখলের হার ছিল মাত্র ২৫ শতাংশ। তবুও রক্ষণাত্মক দৃঢ়তা এবং গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয় তারা।

 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হেরেছিল ইকুয়েডর। ফলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে আগামী ২৬ জুন জার্মানির বিপক্ষে শেষ ম্যাচে জয় পাওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সেই ম্যাচের ফলের পাশাপাশি অন্য সমীকরণের দিকেও তাকিয়ে থাকতে হবে দলটিকে।

 

একই দিনে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে কুরাসাও। বিশ্বকাপের অভিষেক আসরে ইতোমধ্যেই ইতিহাস গড়া দলটি সেখানে আরও একটি চমক দেখানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬