|
প্রিন্টের সময়কালঃ ২১ মে ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

হাজীগঞ্জে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা–চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ


হাজীগঞ্জে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা–চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ






মো: আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি, কুমিল্যলা:


 

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলা ও একাধিক বাস ভাঙচুরের অভিযোগে কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের বিচারের দাবিতে এ সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিকরা।
 

বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অতর্কিত হামলায় অন্তত ১৫টি বাস ভাঙচুর করা হয় এবং ২০ জনের মতো শ্রমিক আহত হন।
 

তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

আহতদের মধ্যে রয়েছেন মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।
 

চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে রাখা বাসের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ অন্ধকারে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাসে ভাঙচুর করা হয়।
 

বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক বলেন, হামলার ঘটনায় পুরো পরিবহন সেক্টরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
 

হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কুমিল্লা–চাঁদপুর রুটে বোগদাদ ও আইদি পরিবহনের সব বাস চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
 

এদিকে বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী বলেন, অন্ধকারে কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খুব দ্রুত ঘটায় স্থানীয়রাও হতবাক হয়ে পড়েন।
 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬