হাতিয়ায় ধরা পড়ল ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ
আজিজুর রহমান, নোয়াখালী:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি ১০ হাজার ৯০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেয়ারম্যানঘাট মাছঘাটে শাহজাহান ব্যাপারীর আড়তে নিলামের মাধ্যমে ইলিশটি বিক্রি হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী বিষু ব্যাপারী মাছটি কিনে নেন। বড় আকারের ইলিশটি কিনতে নিলামে অন্তত ১৭ জন ব্যবসায়ী অংশ নেন।
জানা গেছে, হাতিয়ার হরণী ইউনিয়নের জেলে জাহেদ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। রোববার সকালে ১২ জন জেলেকে সঙ্গে নিয়ে সাঙ্গু গ্যাসফিল্ডের কাছাকাছি নদীতে মাছ ধরতে যান তিনি। সোমবার রাতে নদীতে জাল ফেলেন। মঙ্গলবার জাল তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি চেয়ারম্যানঘাট মাছঘাটে এনে শাহজাহান ব্যাপারীর আড়তে বিক্রির জন্য তোলা হয়।
ক্রেতা বিষু ব্যাপারী বলেন, ১০ হাজার ৯০০ টাকায় তিনি ইলিশটি কিনেছেন। মাছটি ঢাকার মোকামে পাঠানো হবে। সেখানে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। রাজধানীতে বড় আকারের ইলিশের চাহিদা রয়েছে বলেও জানান তিনি।
জেলে জাহেদ মাঝি বলেন, বড় ইলিশটি পাওয়ায় তারা খুব খুশি। এ মাছ ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়েছে। সব মিলিয়ে চেয়ারম্যানঘাট মাছঘাটে প্রায় পৌনে তিন লাখ টাকার মাছ বিক্রি করেছেন তারা।
আড়তদার শাহজাহান ব্যাপারী বলেন, জাহেদ মাঝি সাগর থেকে বড় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে তার আড়তে আসেন। পরে নিলামে সর্বোচ্চ দরদাতা বিষু ব্যাপারীর কাছে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি করা হয়।
স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন বলেন, এবার তুলনামূলকভাবে ইলিশ কম ধরা পড়ায় জেলেরা হতাশ। তবে মাঝে মধ্যে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। বড় ইলিশ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হলেও দাম বেশি হওয়ায় অনেকের পক্ষে তা কেনা সম্ভব হচ্ছে না।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ফয়জুর রহমান বলেন, এবার তুলনামূলকভাবে কম মাছ ধরা পড়ছে। এর মধ্যে দু-একটি বড় ইলিশ ধরা পড়ায় জেলেরা কিছুটা স্বস্তি পাচ্ছেন। ভরা পূর্ণিমায় আরও বেশি ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন তিনি।
স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের আশা, নদী ও সাগরে ইলিশের বিচরণ বাড়লে আগামী দিনে বড় আকারের ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহও বাড়বে। এতে জেলেদের আয় বাড়ার পাশাপাশি মাছের বাজারেও স্বস্তি ফিরবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬