|
প্রিন্টের সময়কালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০৩:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০১:২৪ অপরাহ্ণ

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা


ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, উত্তেজনা


নাটোর সংবাদদাতা:

 

নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজায় সংসদ সদস্য আব্দুল আজিজকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন উপস্থিত লোকজন। নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়ার পর জানাজাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান। মঙ্গলবার রাত ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন সামসুজ্জোহা কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
 

জানাজায় অংশ নেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। তিনি শাকিলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জানাজা শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
 

উল্লেখ্য, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টু সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে।
 

শপিং মলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

এদিকে শাকিল ইসলামের জানাজা শেষে গুরুদাসপুরের চাচকৈড় বাজারে আমেরিকাপ্রবাসী রাসেল হোসাইনের মালিকানাধীন ‘রাস শপিং মলে’ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
 

রাসেল হোসাইন অভিযোগ করেন, শপিং মলটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল সুযোগটি কাজে লাগিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তাঁর প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলেও অভিযোগ করেন রাসেল।
 

তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, শপিং মল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

শাকিলের জানাজায় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬