|
প্রিন্টের সময়কালঃ ২৫ মে ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৬ ০৯:৩২ অপরাহ্ণ

লালমনিরহাটে গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা অভিযোগ, এলাকায় চাঞ্চল্য


লালমনিরহাটে গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা অভিযোগ, এলাকায় চাঞ্চল্য


মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট, জেলা প্রতিনিধি:

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে।
 

নিহত স্বপ্না বেগম স্থানীয় মৃত নজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।
 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার সকালে স্বপ্না বেগম দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা স্বপ্না বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
 

নিহতের স্বজন শাহিনা খাতুন জানান, সকালে ঘরে প্রবেশ করে তারা স্বপ্না বেগমকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের খাটও ভাঙা অবস্থায় ছিল। এছাড়া তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। বিষয়টি দেখে তাদের ধারণা, রাতে তাকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
 

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
 

এদিকে, প্রত্যন্ত গ্রামে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬