|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৬ ০৩:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ এপ্রিল ২০২৬ ০২:৫৯ অপরাহ্ণ

জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন জাহ্নবী


জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন জাহ্নবী


তারকাখ্যাতির সঙ্গে নানারকম বিড়ম্বনাও ওতপ্রোতভাবে জাড়িয়ে যায় অভিনেতা-অভিনেত্রীদের জীবনে। কিন্তু কিছু অভিজ্ঞতা এমন হয়, তা চাইলেও ভুলে থাকা কঠিন। তেমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন জাহ্নবী কাপুর। ডিপফেক ছবির কারণে কীভাবে তিনি হেনস্তার শিকার হয়েছিলেন, এবার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অনুরাগীদের কাছে। যদিও ঘটনা অনেকদিন আগের তবু সেটি ভুলে থাকা এই বলিউড তারকার জন্য আজও কঠিন।

আনন্দবাজার, সংবাদ প্রতিদিন, এই সময়সহ আরও কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অভিনয় জগতে যখনই জাহ্নবী কাপুরের পথচলা শুরু হতে যাচ্ছে, ঠিক সেই সময়ে তাঁর একটি বিকৃত ছবি ছড়িয়ে পড়েছিল একটি ওয়েবসাইটে; যেখানে নোংরা ছবি ভিডিও হরহামেশা প্রকাশ করা হয়।

বিষয়টি নজরে আসতেই শিউরে উঠেছিলেন জাহ্নবী। তখন তাঁর বয়স মাত্র ১৫ বছর। স্কুলে পড়াকালীন আচমকা সেই সাইটে নিজের আপত্তিকর ছবি দেখে তাজ্জব বনে গিয়েছিলেন অভিনেত্রী। এই ঘটনা তাঁর কিশোরী মনে গভীর প্রভাব ফেলেছিল। সম্প্রতি একটি পডকাস্টে কৈশোরের সেই ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলছেন সুপারস্টার শ্রীদেবী এই সুযোগ্য কন্যা।

সেই মুহূর্তটার কথা বলতে গিয়ে জাহ্নবী বলেছেন, ‘আমি আজও জানি না ওই ডিপফেক ছবি কীভাবে ওই সাইটে জায়গা পেয়েছিল। তবে এটুকু নিশ্চিত, ওইরকমই কিছু একটা ছিল। একটা সাইটে যখন নিজের ছবি দেখেছিলাম তখন আমি একজন স্কুলছাত্রী। তাই প্রথমে দেখে যেন পুরো শরীর কেঁপে উঠেছিল।’

স্মৃতিচারণ করে তিনি আরও বলেছেন, ‘আমাদের তখন একটা আইটির ক্লাস হতো। ছেলেরা কিছু সাইটের নোংরা ছবি দেখে মজা নিত। আর সেখানে আমার ছবি, কী মারাত্মক! স্কুলে পড়াকালীন এ রকম একটা ঘটনা আমার জীবনকে যেন সেই মুহূর্তে একেবারে ওলটপালট করে দিয়েছিল। একটা সময় মনে হয়েছিল, সোশ্যাল মিডিয়া থাকাটাই যেন অপরাধ। আমি সেই অপরাধের মাশুল গুনছি। এতগুলো বছর আগে ঘটে যাওয়া ঘটনার সেই ভয়ংকর অভিজ্ঞতা যেন আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমি তো সাহস করে তখন অভিযোগও করতে পারিনি।’

জাহ্নবীর কথায়, ‘যদি কখনও পরিচালককে কোনো পোশাক নিয়ে আপত্তি জানাই বা বলি যে, এই পোশাকে আমি স্বচ্ছন্দ নই তখন তো তিনি এই ছবিগুলো উদাহরণ হিসেবে সামনে রাখবেন।’ অনলাইন ‘কেলেঙ্কারি’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রীর সংযোজন, আজও সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি তাঁর নজরে আসে, যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।

ডিপফেক’ ‘এআই’ নিয়ে ভয় পাওয়ার বিষয়টি উত্থাপন করে জাহ্নবী বলেছেন, ‘আমি কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারি না। কারণ আমার এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় এমনকি অফিসিয়াল পেজে দেখতে পাই, যেগুলো পুরোপুরি এআই দ্বারা নির্মিত। আমি হয়তো যে ধরনের পোশাকই পরিনি সেই পোশাকে আমার ছবি আবার যে ভঙ্গিমায় পোজ দিয়েছি, সেটা বিকৃত করে খারাপ কিছু প্রতিস্থাপন করা হয়।’

উন্নত প্রযুক্তির গেরোয় জাহ্নবীর কর্মজীবনও বিশেষভাবে প্রভাবিত। বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, ‘এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ছড়িয়ে পড়ে, যেন আমিই সেগুলো স্বেচ্ছায় শেয়ার করেছি। এর ফলে আমার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়। আগামীতে আমি যদি পরিচালককে কোনো পোশাক নিয়ে আপত্তি জানাই বা বলি যে এই পোশাকে আমি স্বচ্ছন্দ নই, তখন তো তিনি আমাকে আর বিশ্বাস করবেন না। এই ছবিগুলো উদাহরণ হিসেবে সামনে রাখবেন। উল্টোদিকের মানুষটার তো সত্যিই জানা সম্ভব নয় যে, ওটা এআই-এর কেরামতি।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬