জামিন পাচ্ছেন আবুল বারাকাত
২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে নিম্ন আদালতে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা প্রশাসকের করা আবেদন আজ বৃহস্পতিবার (২১ মে) খারিজ করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় ১১ জুলাই রাতে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়।
দুদকের দাবি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এনটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এ অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অধস্তন আদালতে বিফলের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্টে জামিন পাওয়ার পর ঢাকা জেলা প্রশাসক আপিল বিভাগে আবেদন করেন। যেটি বৃহস্পতিবার খারিজ হয়েছে।
২০০৯ সালের ৯ সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। পরে তিনি দুই মেয়াদে মোট পাঁচ বছর দায়িত্ব পালন করেন এবং ২০১৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব থেকে অবসর নেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬