পটিয়ায় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না: এমপি এনামুল হক
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় পটিয়ার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, মইনুল আলম ছোটন, শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিবলু, নাছির উদ্দিন, নুরুল আকতার, মইনু উদ্দিন, ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, জঙ্গল খাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, জেলা পূজা কমিটির দিলীপ ঘোষ দিপু, তাপস কুমার দে ও পুলক চৌধুরী।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উৎসব চলাকালে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬