|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৬ ০১:১৩ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে বায়ুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত


বঙ্গোপসাগরে বায়ুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত


বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে— আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা এবং এর আশপাশের এলাকায় কোথাও কোথায় আকাশ আংশিক মেঘলা আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে— আজ ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি হলেও গতকাল সোমবারের তুলানায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গতকাল ঢাকা ও আশপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল বুধবারের জন্য দেওয়া বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এর বাইরে আগামী বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে সোমবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এর ফলে ওই সব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নৌবন্দরসমূহে ২ নম্বর সতর্কসর্কেত অব্যাহত রেখেছে সংস্থাটি।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বলেন, বৃষ্টির প্রভাবে তাপমাত্রা প্রশমিত হয়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী মাসের ৩ তারিখ নাগাদ চলতে পারে। ফলে এই সময়ে দেশে কোনো তাপপ্রবাহ থাকবে না।

গত ২০ এপ্রিল থেকে বয়ে যাওয়া তাপপ্রবাহ গত বুধবার ২৭ জেলা, বৃহস্পতিবার ২০ জেলা, শুক্রবার ২১ জেলা এবং শনিবার ২০ জেলার ওপর দিয়ে বয়ে গেলেও গত রোববার ৩ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। অন্যদিকে গত বুধবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং গত বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আর এটাই চলতি মৌসুমে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা।

প্রসঙ্গত, আবহাওয়া দপ্তরের ভাষায়— ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬