|
প্রিন্টের সময়কালঃ ১২ মে ২০২৬ ০৩:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মে ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ

দলীয় চাপে কোণঠাসা কিয়ার স্টারমার, পদত্যাগ চাইলেন ৭০ এমপি


দলীয় চাপে কোণঠাসা কিয়ার স্টারমার, পদত্যাগ চাইলেন ৭০ এমপি


নিজ দল লেবার পার্টির ভেতর থেকেই তীব্র চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দলটির চারজন পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি (পিপিএস) পদত্যাগ করেছেন। একই সঙ্গে হাউস অব কমন্সে লেবার পার্টির প্রায় ৭০ জন এমপি তাঁর নেতৃত্ব পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

 

দলীয় অস্থিরতার মধ্যেই সোমবার লন্ডনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন স্টারমার। সেখানে তিনি বলেন, এ মুহূর্তে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে তা কেবল বিশৃঙ্খলাই বাড়াবে। দল ও ভোটারদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও দেন তিনি।

 

তবে সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর থেকেই দলের ভেতরে অসন্তোষ বাড়তে থাকে। অর্থনৈতিক সংকট, জনজীবনের চাপ এবং সরকারের নীতিগত ব্যর্থতা নিয়ে স্টারমারের সমালোচনা করছেন অনেকেই।

 

পদত্যাগ করা চার পিপিএস হলেন- উপপ্রধানমন্ত্রীর সহযোগী মেলানি ওয়ার্ড, স্বাস্থ্যমন্ত্রীর সহযোগী জো মরিস, পরিবেশমন্ত্রীর সহযোগী টম রুটল্যান্ড এবং ক্যাবিনেট অফিস-সংশ্লিষ্ট নওশাবাহ খান।

 

তাঁদের অভিযোগ, ৬৩ বছর বয়সী স্টারমার আগামী ২০২৯ সালের জাতীয় নির্বাচনে দলকে কার্যকর নেতৃত্ব দিতে পারবেন না। এজন্য এখনই নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া শুরু করার দাবি উঠেছে।

 

পদত্যাগপত্রে টম রুটল্যান্ড উল্লেখ করেন, স্টারমার শুধু দলীয় এমপিদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছেও নিজের কর্তৃত্ব হারিয়েছেন। অন্যদিকে মেলানি ওয়ার্ড বলেন, স্থানীয় নির্বাচনের ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করেছে যে দল নতুন দিকনির্দেশনা চায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬