|
প্রিন্টের সময়কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৭ অপরাহ্ণ

ঝটপট নাশতায় স্যান্ডউইচের ৫ পদ


ঝটপট নাশতায় স্যান্ডউইচের ৫ পদ


অনলাইন ডেস্ক

 

সকালের ব্যস্ততায় দ্রুত নাশতা তৈরি করতে চাইলে স্যান্ডউইচ হতে পারে সহজ ও সুস্বাদু একটি খাবার। অফিস, স্কুল-কলেজের টিফিন কিংবা বিকেলের নাশতাতেও এটি বেশ জনপ্রিয়। কম তেল-মসলায় বিভিন্ন উপকরণ ব্যবহার করে সহজেই তৈরি করা যায় নানা স্বাদের স্যান্ডউইচ। রইল এমন পাঁচটি পদের সহজ প্রস্তুতপ্রণালি।
 

সবজি দিয়ে গ্রিলড স্যান্ডউইচ

পাউরুটির এক পাশে মাখন লাগিয়ে এর ওপর টমেটো, শসা, সেদ্ধ আলু ও পছন্দের চাটনি দিন। চাইলে মেয়োনিজ, সামান্য গোলমরিচ ও চাট মসলা যোগ করা যায়। ওপর থেকে আরেকটি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ মেকারে রেখে মুচমুচে হওয়া পর্যন্ত গ্রিল করুন। টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করা যায়।
 

এগ মায়ো স্যান্ডউইচ

সেদ্ধ ডিম গ্রেট করে এর সঙ্গে মেয়োনিজ, সামান্য লবণ ও গোলমরিচ মিশিয়ে পুর তৈরি করুন। টোস্ট করা পাউরুটির ওপর মিশ্রণটি ছড়িয়ে দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে হালকা গ্রিল করে নিন। টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করলে স্বাদ বাড়বে।
 

পনির টিক্কা স্যান্ডউইচ

পনিরের টুকরোর সঙ্গে দই, হলুদ, মরিচ ও লবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর মসলামাখা পনির পাউরুটির দুই স্লাইসের মধ্যে দিয়ে স্যান্ডউইচ মেকারে গ্রিল করুন। চাইলে পেঁয়াজ, ক্যাপসিকাম বা সামান্য চিজও যোগ করা যায়। গরম অবস্থায় পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।
 

চিজ কর্ন স্যান্ডউইচ

প্রথমে ভুট্টার দানা সিদ্ধ করে নিন। এরপর এর সঙ্গে গ্রেট করা চিজ ও সামান্য অরিগ্যানো মিশিয়ে পুর তৈরি করুন। মিশ্রণটি দুই স্লাইস পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ মেকারে গ্রিল করুন। চিজ গলে ভুট্টার সঙ্গে মিশে গেলে নামিয়ে নিন। ঝাল স্বাদের জন্য ওপর থেকে চিলি ফ্লেকস ছড়িয়ে দেওয়া যেতে পারে।
 

চাটনি স্যান্ডউইচ

পাউরুটির ওপর ঝাল গ্রিন চাটনি ভালোভাবে মাখিয়ে নিন। এর ওপর টমেটো ও পেঁয়াজের পাতলা টুকরো সাজিয়ে দিন। আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে হালকা টোস্ট করে নিন। অল্প কয়েকটি উপকরণেই দ্রুত তৈরি করা যায় এই স্যান্ডউইচ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬