মাদারগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ান গুরুতর আহত
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল (২৬) নামে এক ইলেকট্রিশিয়ান গুরুতর আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন কাজল। এতে তার কোমর ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর হাসপাতালে রেফার করেন। জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়। পরে ময়মনসিংহের চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় কাজলকে ঢাকায় রেফার করা হয়েছে বলে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ চালু ছিল কি না এবং সংযোগ চালু থাকা অবস্থায় কীভাবে ওই খুঁটিতে কাজ করা হচ্ছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুতের কয়ড়া সাব-জোনাল অফিস ও সাব-স্টেশনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটি তদন্ত করে বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তাব্যবস্থার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬