|
প্রিন্টের সময়কালঃ ২৭ জুলাই ২০২৬ ০৫:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জুলাই ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ণ

নওগাঁর হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, আটক ১


নওগাঁর হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, আটক ১


ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে মোসা. মনিরা বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
 

নিহত মনিরা বেগম ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
 

নিহতের বোন মহসিনা বেগম জানান, ফরহাদ হোসেন ঢাকায় রিকশা চালাতেন এবং মনিরা দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। সোমবার ভোরে ফরহাদ ঢাকা থেকে শ্বশুরবাড়িতে আসেন। পরে চিকিৎসার জন্য তারা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফরহাদ ধারালো অস্ত্র দিয়ে মনিরার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
 

গুরুতর আহত অবস্থায় মনিরাকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও তিনি মারা যান।
 

পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযুক্ত ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬