দেশে প্রতি চারজনের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত: সচেতনতা বৃদ্ধির আহ্বান
ঢাকা প্রেস, প্রতিবেদক:
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ-এ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে এক সেমিনার ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা জানিয়েছেন, দেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন, যা বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ে আয়োজিত এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। তিনি তার বক্তব্যে উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে চিকিৎসকদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন মেডিসিন সোসাইটির সদস্য সচিব ডা. জাকারিয়া আল আজিজ।
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ একটি “নীরব ঘাতক” হিসেবে পরিচিত। প্রতিবছর বিশ্বে প্রায় ১১ মিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপজনিত কারণে মারা যান। উদ্বেগজনক বিষয় হলো, উচ্চ রক্তচাপে আক্রান্তদের অর্ধেকই জানেন না যে তারা এ রোগে আক্রান্ত। এ কারণে প্রতিবছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয় এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আহমাদ মনজুরুল আজিজ। আলোচনায় প্যানেল সদস্য হিসেবে অংশ নেন অধ্যাপক ডা. ফারুক আহাম্মাদ, অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম, অধ্যাপক ডা. শাহাবুল হুদা চৌধুরী এবং অধ্যাপক ডা. মো. মনজুরুল হক।
এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. রেহান উদ্দিন খান, অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান, অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল ফারুক এবং তোফাজ্জল হোসেন ভুঁইয়া।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬