কাতার-ইসরায়েলকে ৫০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে কাতার ও ইসরায়েলের কাছে উন্নত সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মোট প্রায় ৫ বিলিয়ন ডলারের এই অস্ত্রচুক্তির অংশ হিসেবে কাতারকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইসরায়েলকে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র সরবরাহ করা হবে।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত অনুমোদনের কথা জানায়। এতে বলা হয়, উপসাগরীয় মিত্র কাতারের জন্য প্রায় ৪ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইসরায়েলের জন্য প্রায় ১ বিলিয়ন ডলারের প্রিসিশন গাইডেড অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
মার্কিন প্রশাসনের দাবি, এই সামরিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাদের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাও বাড়বে বলে মনে করছে ওয়াশিংটন।
বর্তমান প্রেক্ষাপটে ইরানকে ঘিরে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া অনুযায়ী, এ ধরনের বড় অঙ্কের অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হয়। তাই প্রস্তাবটি এখন কংগ্রেসের পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ হতে পারে এবং আঞ্চলিক সামরিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬