“সংখ্যালঘু নয়, সনাতনীরাও বাংলাদেশি হিসেবে পরিচিত হবে” — এমপি এনামুল হক
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
পটিয়ায় বাগীশিকের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত.....
চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) উপজেলা শাখার সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পটিয়া ক্লাব মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, “বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবে। দেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা রক্ষায় পটিয়াতেও আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতনী সম্প্রদায়ের ভাই-বোনেরা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের সেই অবদান আমি কখনো ভুলবো না। পটিয়া শান্তির জনপদ। এখানে কেউ সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বাগীশিক পটিয়া উপজেলা শাখার সভাপতি দেবাশীষ ধর বাপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম ও গাজী আবু তাহের, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বাগীশিকের সভাপতি পুলক চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, সুজন মজুমদার, শ্যামল বৈদ্য, অ্যাডভোকেট অনিক দে, মিন্টু কান্তি দে, বিদ্যুৎ কুমার দে, লিটন কান্তি পাল, মিতা দাশ, দেবাশীষ দে, মান্না কুমার দে, লিটন মজকুরি, কৃষ্ণমণি আচার্য্য, পলাশ চক্রবর্তী, প্রিয়তোষ সরকার রাসু ও অ্যাডভোকেট সঞ্জয় দে প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। দিনব্যাপী আয়োজনে দেশাত্মবোধক গান, গীতা পাঠ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬