জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরির চেষ্টায় রয়েছে বিএনপি : নাহিদ
সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময়ে পুলিশ ক্রমান্বয়ে পুলিশ লীগ হয়ে গিয়েছিল। এখন বিএনপি এই বাহিনীকে জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরির চেষ্টায় রয়েছে। তা না হলে তারা কেন পুলিশ সংস্কার কমিশন করবে না? পুলিশ অধ্যাদেশ কেন বাস্তবায়ন করবে না?
নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিএনপি নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা বলেছি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে। কথা বলার স্বাধীনতা থাকতে হবে। বৈষম্য দূর করতে হবে। আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। বাংলদেশের অর্থনৈতিক উন্নয়ন হতে হবে। দুর্নীতি ও লুটপাটের বিচার করতে হবে।
তিনি বলেন, বিএনপির সরকার গঠনের পর থেকে বাংলাদেশ পেছনের দিকে হাঁটছে। বাংলাদেশ আবার পুরোনো পথে হাঁটছে। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা একাত্তরের নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করার চেষ্টা করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল। তারা সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো গণআন্দোলনের কোনো প্রতিশ্রুতি তারা কখনো রক্ষা করে নাই।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি বলছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে। এই জুলাই সনদকে তারা কলুষিত করেছে। শেখ হাসিনার সময় দেখেছি, বিচার বিভাগ কিভাবে দলীয়করণ হয়েছিল। ফলে বিচারপ্রতিদের নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়ার যে অধ্যাদেশ তারা তা বাতিল করে দিয়েছে।
এনসিপির আহ্বায়ক বলেন, যে প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল; সেই প্রতিষ্ঠানগুলো ও ব্যবস্থাকে তারা পুনর্বহাল রেখেছে। এর ভেতর দিয়ে তারা এটাই বার্তা দিতে চায়, তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা, সংস্কারের কথা মুখে বলবে, কিন্তু অন্তরে ধারণ করবে না। ফলে সংস্কারের বাংলাদেশের জন্য আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬