|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০৭:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ণ

দিনভর খোঁজাখুঁজি, ভোরে জমিতে মিলল শিশুর মরদেহ


দিনভর খোঁজাখুঁজি, ভোরে জমিতে মিলল শিশুর মরদেহ


ঢাকা প্রেস,বরিশাল প্রতিনিধি:-

 

বরিশালের গৌরনদীতে নিখোঁজ সাফওয়ান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে স্থানীয় একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।
 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফওয়ান ঢাকার বাসা থেকে দাদা বাড়ি বেড়াতে এসেছিল। বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে বের হয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে দাদা বারেক শিকদার গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 

এরপর ভোরে স্থানীয় বাসিন্দা মান্না বেপারীর বাড়ির পেছনের একটি জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তারা দ্রুত পুলিশে খবর দেন।
 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, সাফওয়ানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
 

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া বলেন, ‘শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬