সীতাকুণ্ডে কারখানার ছাউনির শেড ধসে দুই শ্রমিক নিহত
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানায় কাজ করার সময় ছাউনির শেড ধসে পড়ে মোঃ ফারুক (৪০) ও মোঃ জহির (২৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (সকাল ১০টা) সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকার বক্তারপাড়া পশ্চিমে অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি জিংক অ্যাশ উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে জহির কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবু তাহেরের ছেলে এবং ফারুক নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মোল্লাবাড়ি গ্রামের নেছার আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার একটি এঙ্গেল দিয়ে নির্মিত শেড মেরামতের সময় হঠাৎ পুরো ছাউনি ধসে পড়ে। এতে শেডের ওপর কাজ করা অবস্থায় দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিকরা আতঙ্কে দ্রুত সেখান থেকে সরে যান।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিহতদের মরদেহ সরিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। দুপুরের দিকে মালিকপক্ষের পাঠানো দুটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ সেখানে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মোঃ শহিদ জানান, হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, গোডাউনের শেড ভেঙে পড়েছে এবং দুই শ্রমিকের মরদেহ পড়ে আছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “কারখানায় দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কোনো মরদেহ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬