|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৭:১০ অপরাহ্ণ

তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক ওয়ারেন্ট অফিসার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর


তনু হত্যা মামলা: গ্রেপ্তার সাবেক ওয়ারেন্ট অফিসার, ৩ দিনের রিমান্ড মঞ্জুর


নিউজ ডেস্ক, ঢাকা প্রেস


 

দীর্ঘ এক দশক পর চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
 

বুধবার (২২ এপ্রিল) কুমিল্লার একটি আদালতের বিচারক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে তদন্ত সংস্থা।
 

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু কুমিল্লা সেনানিবাস এলাকার একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছাকাছি একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
 

ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে ২০১৬ সালের ৪ এপ্রিল ও ১২ জুন প্রকাশিত দুই দফা ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।
 

২০১৭ সালের মে মাসে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তনুর পোশাক থেকে সংগৃহীত নমুনার ডিএনএ পরীক্ষায় তিনজন পুরুষের উপস্থিতি শনাক্ত হওয়ার তথ্য জানায়। একই বছরের অক্টোবর মাসে সন্দেহভাজন তিনজনকে ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
 

এদিকে, তনুর পরিবার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে—বহু বছর পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ পর্যন্ত চারবার তদন্ত সংস্থা পরিবর্তন এবং পাঁচবার তদন্ত কর্মকর্তা বদল হলেও মামলার সুরাহা হয়নি বলে দাবি তাদের।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬