|
প্রিন্টের সময়কালঃ ১৩ অক্টোবর ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ অক্টোবর ২০২৬ ০৫:৫১ অপরাহ্ণ

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা: শিক্ষামন্ত্রী


এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা: শিক্ষামন্ত্রী


ঢাকা প্রেস ডেস্ক:

 

এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বছরের পর বছর অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের বারবার পরীক্ষা নেওয়া কিংবা দীর্ঘ সময় অপেক্ষায় রাখার সুযোগও রাখতে চায় না সরকার। যারা সাধারণ শিক্ষায় এগিয়ে যেতে পারবে না, তাদের কারিগরি শিক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
 

মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন তিনি।
 

শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। কোনো শিক্ষার্থী যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে উদ্যোগী হতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে।
 

তিনি আরও বলেন, একটি প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা চালু রয়েছে। পাশাপাশি আয়োজন করা হচ্ছে প্রধানমন্ত্রী গোল্ডকাপ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়ে বিদ্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলী। বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী।
 

পরে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬