|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ মে ২০২৫ ০৩:২৭ অপরাহ্ণ

দেশের সীমানায় ভারতীয় ড্রোন, রাতভর পাহারায় পুশইন ঠেকানো


দেশের সীমানায় ভারতীয় ড্রোন, রাতভর পাহারায় পুশইন ঠেকানো


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি রাতভর পাহারা দিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
 

শুক্রবার (৩০ মে) রাতে কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে পাহারা দেন তারা।
 

শুক্রবার সন্ধ্যায় শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে ভারতের আসামের ধুবরি জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুটি পিকআপে ৫০-৬০ নাগরিককে ফাইস্কারকুটি সীমান্তে এনে সব লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতশত মানুষ বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্পের সদস্য এবং আনসার সদস্যের কয়েকটি টিম সীমান্তে অবস্থান নেয়।
 

ওদিকে ভারত সীমান্তে অবস্থান নেয় বিএসএফ। রাত ২টার দিকে বেশ কয়েকজন বিএসএফ সদস্য শূন্য রেখায় এসে বিজিবির সঙ্গে কথা বলতে চাইলে বিজিবি প্রত্যাখান কর। পরে রাত ৩টায় সরে যায় বিএসএফ।
 

এদিকে, শুক্রবার রাতে রৌমারী সীমান্তের বড়াইবাড়ি ও বারবান্দা গ্রামের ওপর দিযে ভারতীয় কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে পাঁচটি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
 

বড়াইবাড়ি সীমান্তের স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমাদের গ্রামের ওপর দিয়ে ভারতীয় ড্রোন উড়ছিল। এতে সীমান্তবর্তী মানুষের মাঝে আতংক দেখা দেয়।
 

বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে বিএসএফ অবৈধভাবে পুশইন করতে না পারে সেজন্য বিজিবি, আনসার সদস্যসহ সীমান্তবাসী যৌথভাবে পাহারা দিচ্ছে। টহল জোরদার করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬