|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০৪:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০১:১৩ অপরাহ্ণ

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার


বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেপ্তার করেছে। পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
 

দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। আকতারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাসুদ বিশ্বাসকে আজই আদালতে হাজির করা হবে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাসুদ বিশ্বাস জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন। এই অপরাধের জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 

অন্যদিকে, তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এ কারণে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

 

দুদকের তথ্য অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর নামে জমি ও ফ্ল্যাট রয়েছে। এগুলোর উৎস যাচাইয়ের কাজ চলছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক।
 

তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দুদক জানায়, তাদের তদন্তে আরও তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬