ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
বাসস
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয়, মর্যাদাশীল ও আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান, সহযোগিতা ও সুযোগ-সুবিধা অব্যাহত রাখা হবে।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব খেতাবের চেয়েও বড় অর্জন হলো একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। জীবনে সবার পক্ষে এমন বিরল গৌরব অর্জন সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা জাতির ইতিহাসে অনন্য ও অসাধারণ মর্যাদার অধিকারী।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন, আবার কারও পরিবারের সদস্য দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আপনারা সবাই মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অংশীদার। আপনাদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও বীরোচিত অভিনন্দন।
মুক্তিযুদ্ধের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের জীবন, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের স্বাধীন বাংলাদেশ। এই আত্মত্যাগের ইতিহাস জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানকে রাষ্ট্রের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র তার দায়বদ্ধতা পালনের চেষ্টা করছে। তাঁদের যথাযথ সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও গভীরভাবে আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সশস্ত্র বাহিনীর জন্য গৌরবের বিষয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধের গৌরব ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে এ উদ্যোগের গুরুত্ব ও সময়োপযোগিতা প্রমাণিত হয়েছে। এ ছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সময়ের পরিক্রমায় অনেক মুক্তিযোদ্ধাই আজ বয়সের ভারে ন্যুব্জ। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই অদম্য স্বপ্ন ও দীপ্তি এখনো অম্লান। তাঁদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদায় সম্মানিত করতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্য এবং উত্তরাধিকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী আবারও মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬