নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় তামাকে কর বাড়ানোর দাবি তাবিনাজের
রাজধানীর মিরপুরে ইউসেপ কার্যালয়ে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা)–এর উদ্যোগে তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)-এর সদস্যদের অংশগ্রহণে আসন্ন ২০২৬–২৭ অর্থবছরে তামাকপণ্যে কার্যকর করারোপ ক্যাম্পেইনের কৌশল নির্ধারণ বিষয়ে একটি সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দেশের ৮টি বিভাগের ২৩টি জেলা থেকে মোট ৩০ জন তাবিনাজ সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন উবিনীগ-এর পরিচালক সীমা দাস সীমু। তিনি বলেন, বাংলাদেশে বর্তমান তামাক কর ব্যবস্থা অত্যন্ত জটিল, যা তামাক ব্যবহার নিরুৎসাহিত করতে এবং কার্যকর রাজস্ব সংগ্রহে যথেষ্ট নয়।
তামাকবিরোধী অ্যাডভোকেসি কার্যক্রম নিয়ে আলোচনা করেন উবিনীগ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসানুল হাসিব আল গালিব। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি (৩৫.৩ শতাংশ)। তিনি তামাকের ব্যবহার কমাতে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একীভূত করে সব স্তরের জন্য একটি নির্দিষ্ট কর আরোপ ও মূল্য বৃদ্ধির প্রস্তাব করেন।
কর্মশালার গুরুত্বপূর্ণ অংশে ২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত তামাক কর কাঠামো উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আতাউর রহমান মাসুদ। তিনি বলেন, কার্যকর কর বৃদ্ধি করা হলে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং ৩ লাখ ৭২ হাজারের বেশি তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে। এতে আগের অর্থবছরের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হতে পারে, যা জনস্বাস্থ্য খাতে ব্যয় করা সম্ভব।
সন্মানিত অতিথির বক্তব্যে তাবিনাজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদা আখতার বলেন, দেশের বেশিরভাগ দরিদ্র নারী ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য গ্রহণ করেন, যা মুখের ক্যান্সারের জন্য দায়ী। নারী স্বাস্থ্য সুরক্ষায় প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৬০ টাকা এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণসহ উভয় ক্ষেত্রে ২ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করেন তিনি।
তিনি আরও বলেন, তামাকজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। ২০২৪ সালে তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা এই খাত থেকে প্রাপ্ত রাজস্বের (৪০ হাজার কোটি টাকা) দ্বিগুণের বেশি।
তাবিনাজের নারী নেত্রীবৃন্দ সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একত্র করে ১০ শলাকার প্যাকেটের সর্বনিম্ন খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণ এবং ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬