বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে বন্যাকবলিত এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
এর আগে তিনি বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি র্যালিতে অংশ নেন এবং মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টল পরিদর্শন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটের সংস্কৃতি এখনও কিছু মানুষের মধ্যে রয়ে গেছে। তবে সরকার বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। ফলে এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।
অনুষ্ঠানে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। তিনি সাধারণ মানুষকে মেলায় এসে নিজেদের পছন্দের গাছ সংগ্রহ করে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬