|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ

কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণ


কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণ


রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

কলাবাগান থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২২ মে) রাত পৌনে ৯টার দিকে কলাবাগান এলাকার নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে আজ তাকে বাসায় পাঠানো হয়েছে।

 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, এই নৃশংস ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তিনি পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

 

ঘটনার বিবরণ দিয়ে ওসি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি ওই বাড়িতে তাঁর ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন এবং ভুক্তভোগী শিশুটি তাঁর প্রতিবেশীর সন্তান। ঘটনার রাতে শিশুটি বাসার সামনে খেলছিল। এই সময় সুযোগ বুঝে ওই ব্যক্তি তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। শিশুটি চিৎকার শুরু করলে তিনি ঘরের দরজা খুলে দিতে বাধ্য হন। পরে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত ব্যক্তিকে আটকে রেখে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬