জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে সহিংসতা চালানোর অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ রোববার পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ করবেন। রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তা সাক্ষ্য দেবেন। নিরাপত্তাজনিত কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে, আজই চতুর্থ সাক্ষী হিসেবে আগে সাক্ষ্য দেওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা হামলা চালায়। একই সঙ্গে ইন্টারনেট বন্ধ করে সহিংসতা বাড়াতে প্ররোচনা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পুলিশ ও দলীয় সশস্ত্র বাহিনীর হামলায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন নিহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া তৃতীয় অভিযোগে বলা হয়েছে, উত্তরা এলাকায় ৩৪ জনকে হত্যার ঘটনায়ও তারা সহায়তা করেন।
বর্তমানে জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অন্যদিকে পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে প্রতিনিধিত্ব করছেন।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬