ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না ওয়েসলির
বিশ্বকাপ শুরুর ঠিক আগে ব্রাজিল দলে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রাইট ব্যাক ওয়েসলি। তার পরিবর্তে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।
মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন ওয়েসলি। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় উরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে মেডিকেল পরীক্ষায় তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট ধরা পড়ে। ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ২২ বছর বয়সি এই ডিফেন্ডারের।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে ওয়েসলির চোটের বিষয়টি নিশ্চিত করে। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা জানিয়ে জানানো হয়, বিশ্বকাপ স্কোয়াডে তার পরিবর্তে যোগ দিচ্ছেন এদেরসন।
২৬ বছর বয়সি এদেরসন বর্তমানে ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলছেন। শিগগিরই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার কথাও শোনা যাচ্ছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৫ সালের মার্চে।
ওয়েসলির ইনজুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও। তিনি বলেন, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। তবে এদেরসনের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর আস্থা রাখছেন তিনি।
বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬