আক্কেলপুরে অসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষতি, আলুর বীজ পচে যাওয়ার শঙ্কা
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অসময়ের বৃষ্টিতে আমন ধান ও আগাম আলুর আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। বৃষ্টিতে পাকা আমন ধান জমিতে হেলে পড়েছে। কোথাও কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে, জমিতে রোপণ করা আগাম আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সম্ভাব্য লোকসানের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
শুক্রবার দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ পানিতে ভিজে গেছে। এ সময় অনেক কৃষক পাকা ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বৃষ্টির কারণে জমি ভেজা থাকায় ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে।
শনিবার উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, পাকা আমন ধান বৃষ্টির পানিতে মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কেটে রাখা ধান জমিতেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ভেজা মাটিতে পড়ে থাকা ধানের শিষ ও খড় দেখে কৃষকদের মধ্যে ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে প্রায় ১০০ হেক্টর জমির আমন ধান হেলে পড়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় প্রায় ২০ হেক্টর আলুর জমিতে বৃষ্টির পানি জমেছে। এসব জমি থেকে পানি নিষ্কাশনের কাজ করছেন কৃষকেরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আক্কেলপুর উপজেলায় ১০ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমিতে জিরাশাইল, কাটারি, স্বর্ণা-৫, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯০, ব্রি ধান-৯৩, ব্রি ধান-১০৩, বিনা ধান-১৭ ও ব্র্যাক-১৮সহ বিভিন্ন জাতের ধান চাষ করেছেন কৃষকেরা।
রাজকান্দা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এবার আট বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলাম। আবহাওয়ার পূর্বাভাস শুনে তিন বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু বৃষ্টির কারণে ঘরে তুলতে পারিনি। বাকি পাঁচ বিঘা জমির ধানও বৃষ্টিতে নুয়ে পড়েছে। ফলন ভালো হয়েছিল। এখন বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেছে।’
আলুচাষি লোকমান আলী বলেন, ‘তিন বিঘা জমিতে দুই দিন আগে আগাম আলু রোপণ করেছি। কিন্তু অসময়ের বৃষ্টিতে বীজ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জমে থাকা পানি নিষ্কাশন করেছি। তবে মাটি বেশিদিন ভেজা থাকলে বীজ পচে গাছ না-ও গজাতে পারে। বীজ নষ্ট হলে নতুন করে আলু লাগাতে হবে। এতে বাড়তি খরচ হবে। তাই দুশ্চিন্তায় আছি।’
কৃষি বিভাগের আশঙ্কা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে হেলে পড়া ধানের শিষ থেকে পাঁচ-ছয় দিনের মধ্যে নতুন চারা গজাতে পারে। এতে ধানের গুণগত মান ও ফলন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে, আলুর জমিতে দীর্ঘসময় পানি জমে থাকলে বীজ পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আলুর বীজের ক্ষতির বিষয়টি স্পষ্ট হতে পারে। বীজ নষ্ট হলে কৃষকদের নতুন করে আলু রোপণ করতে হবে, যা উৎপাদন ব্যয় বাড়ানোর পাশাপাশি সামগ্রিক উৎপাদনেও প্রভাব ফেলতে পারে।
আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের নিবিড় পরিচর্যার কারণে আমনের ফলন ভালো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু কৃষক ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬