|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০১:৫৭ অপরাহ্ণ

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না


ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না


জাতীয় সংসদে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই কর্মসূচির কারণে বাজেটের ওপর কোনো অতিরিক্ত চাপ পড়বে না। বরং এসব উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার সকাল ১১টায় সংসদ অধিবেশনের শুরুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ঢাকামুখী জনস্রোত কমানো একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তাই ধাপে ধাপে রাজধানীর বাইরে শিল্পাঞ্চল, কর্মসংস্থান কেন্দ্র, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে রাজধানীর ওপর চাপ কমবে এবং আঞ্চলিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

রাজধানীর পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে সাপ্তাহিক সচেতনতা কার্যক্রম, মশক নিধন কর্মসূচি জোরদার এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমও চলমান রয়েছে। মাতুয়াইল ল্যান্ডফিলের বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাইপাস সড়ক নির্মাণের পর অনেক সময় সেই এলাকাকে কেন্দ্র করেই নতুন শহর গড়ে ওঠে, যা পরিকল্পিত নগরায়ণের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যে, বাইপাস এড়াতে নতুন বাইপাস ভাবতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যামিলি কার্ডের অর্থায়ন নিয়ে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটি রাষ্ট্রের একটি বিনিয়োগমূলক উদ্যোগ। এর মাধ্যমে বাজারে স্থিতিশীলতা আসবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব সামাজিক কর্মসূচি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬