|
প্রিন্টের সময়কালঃ ১১ মে ২০২৬ ০৫:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ

৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর


৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর


দেশের ছয়টি বিভাগে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়টি শিশু হাসপাতাল ভবন দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকার বিষয়ে একটি প্রতিবেদন সরকারের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

 

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে হাসপাতালগুলো চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, অব্যবহৃত এসব স্থাপনা পরিদর্শন করে দ্রুত চালুর ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২ জুনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

অব্যবহৃত থাকা হাসপাতালগুলো হলো-রাজশাহী শিশু হাসপাতাল, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, বরিশাল শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল এবং সিলেট জেলা হাসপাতাল।

 

সম্প্রতি একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত আধুনিক এসব হাসপাতাল বছরের পর বছর চালু হয়নি। এই তথ্যের ভিত্তিতে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নেয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

 

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। পাশাপাশি রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্র দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়।

 

এছাড়া নীলফামারীতে ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়। এটি সদর উপজেলায় নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি জেলায় আধুনিক দ্বিতীয় স্তরের স্বাস্থ্যসেবা ইউনিট গঠনের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানান, হাসপাতালটি চালু হলে এটি রংপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬