বিয়ের প্রস্তাব নিয়ে চীন থেকে কুমিল্লায় যুবক, রাজি নয় তরুণীর পরিবার
তাফসির আহাম্মদ, কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশি এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের উদ্দেশ্যে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে এসেছেন এক যুবক। তবে তরুণীর পরিবারের সম্মতি না মেলায় শেষ পর্যন্ত বিয়ে ছাড়াই ফিরতে হচ্ছে তাকে। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চীনা ওই যুবকের নাম মো জিয়াকিয়ান (MO JIAQIAN)। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৯২ সালের ১৭ মার্চ। তিনি চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা এবং নিজ দেশে একটি রেস্তোরাঁয় কাজ করেন।
শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলার ওই তরুণীর বাড়িতে উপস্থিত হন জিয়াকিয়ান। বিদেশি যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। এ নিয়ে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জিয়াকিয়ান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর সঙ্গে দেখা করা এবং তাকে বিয়ে করার উদ্দেশ্যে গত ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। ঢাকায় একটি আবাসিক হোটেলে অবস্থানের পর শুক্রবার সরাসরি তরুণীর গ্রামের বাড়িতে যান।
ওই তরুণী জানান, তিনি জিয়াকিয়ানকে বিয়ে করে চীনে যেতে আগ্রহী। তবে তার মা-বাবা ও স্থানীয়রা এ বিয়েতে সম্মতি দেননি। দীর্ঘ সময় আলোচনা করেও পরিবারকে রাজি করাতে না পেরে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেওয়া হয়।
তরুণীর বাবা বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবকের আসার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ওই যুবক এক মাসের ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছেন এবং তার কাছে বিয়ের কোনো অনুমতিপত্র নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে এ ধরনের বিয়েকে কেন্দ্র করে প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চীনা নাগরিকের আগমনের খবর পেয়ে তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে পুলিশ ও স্থানীয়রা ওই যুবকের সঙ্গে কথা বলেন। এ সময় তার নাগরিকত্ব নিশ্চিত করতে পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
ওসি আরও জানান, তরুণীর পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় শুক্রবার মধ্যরাতে পুলিশের সহযোগিতায় জিয়াকিয়ান ওই বাড়ি ছেড়ে যান। পরে তার নিরাপত্তার স্বার্থে তাকে কুমিল্লা শহরের একটি হোটেলে পৌঁছে দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬