বাহুবলে ঈদুল আজহা ঘিরে পুলিশের ব্যাপক মহড়া, নিরাপত্তা জোরদার
হবিগঞ্জ প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাহুবল মডেল থানা পুলিশ। ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, যানজট ও পশুর হাটে বিশৃঙ্খলা ঠেকাতে শনিবার (২৩ মে) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাল থেকে বাহুবল বাজার, মিরপুর বাজার ও পুটিজুরী বাজার এলাকায় একযোগে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। এ সময় গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, পশুর হাট ও জনবহুল স্থানে নজরদারি এবং টহল জোরদার করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত বৃদ্ধি, বাজারে কেনাকাটার চাপ এবং পশুর হাটকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা বাড়তে পারে— এমন আশঙ্কা থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
মহড়াকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সদস্যরা। এ সময় নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বানও জানানো হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাহুবলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ টহল ও মহড়া অব্যাহত রয়েছে। জনগণের জানমাল রক্ষায় বাহুবল থানা পুলিশ সর্বদা প্রস্তুত। কোনো ধরনের অপরাধ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “পশুর হাট, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল ও কেনাকাটা করতে পারেন, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
পুলিশের এ তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, ঈদকে সামনে রেখে পুলিশের বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬