|
প্রিন্টের সময়কালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৬ ০৩:১১ অপরাহ্ণ

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু, উদ্ধার ১৫ শিক্ষার্থী


কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু, উদ্ধার ১৫ শিক্ষার্থী


মঈনুদ্দিন শাহীন, কক্সবাজার প্রতিনিধি:

 

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া শান্ত (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীদের যৌথ তল্লাশিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিবারের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
 

সৈকতে দায়িত্ব পালনরত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে একটি মাদ্রাসার ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে তারা ভেসে যেতে থাকেন। পরে তাদের মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শান্ত নিখোঁজ ছিল।
 

তিনি আরও জানান, খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
 

ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

এর আগে পাঁচ পর্যটকের মৃত্যু

এর আগে গত ১৪ অক্টোবর কক্সবাজারের হিমছড়ির পেঁচার দ্বীপ সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পাঁচ পর্যটক নিখোঁজ হন। ওই দিন বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ও রাতে আরও দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও বিচকর্মীরা। নিহতদের মধ্যে তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
 

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন সৈকতে গোসল করতে নেমে একের পর এক প্রাণহানির ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬