|
প্রিন্টের সময়কালঃ ০১ অক্টোবর ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ মে ২০২৬ ০৭:২৭ অপরাহ্ণ

পিরোজপুরে মৎস্যচাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন


পিরোজপুরে মৎস্যচাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন


পিরোজপুর প্রতিনিধি:



পিরোজপুরে মৎস্যচাষিদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’ এর আওতায় ৬ ও ৭ মে পিরোজপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান।
 

এসময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক মো. মহসিন, বরিশাল বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান এবং পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।
 

প্রশিক্ষণে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রদর্শনী ও সহযোগী মৎস্যচাষিরা অংশ নেন। কর্মশালায় আধুনিক মাছ চাষ পদ্ধতি, বিশেষ করে গলদা-কার্প মিশ্র চাষ, পুকুর প্রস্তুতি, উন্নত জাতের পোনা নির্বাচন, সুষম খাদ্য ও সার ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিকার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মৎস্যচাষিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া হচ্ছে। এতে মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চাষিদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করবে।
 

প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী চাষিদের মাঝে মৎস্যচাষ বিষয়ক বিভিন্ন কারিগরি নির্দেশিকা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেরিন সুলতানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬