আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানে সরকার
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, সাঈদ আল নোমান ও জসিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, কোথায় রাহাজানি, ডাকাতি, চুরি-ছিনতাই, অবৈধ অস্ত্রের মজুত কিংবা মাদকের বিস্তার রয়েছে—এসব বিষয়ে মাঠপর্যায়ের তথ্য নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নগরী ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা খুব শক্তভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করছি। সাধারণ মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেদিকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি। যেখানে যেটা দরকার, তাৎক্ষণিকভাবে সেটাকে অ্যাড্রেস করা, সমন্বয় করা ও সমাধান করার দিকে আমাদের বিশেষ নজর থাকবে।’
চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে নতুন আইন প্রণয়ন ও আইন সংশোধন করা হয়েছে। দীর্ঘদিনের সমস্যাগুলো রাতারাতি পুরোপুরি সমাধান করা সম্ভব না হলেও সরকার দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দল। দলটির বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬