স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন ইস্যুতে আলোচনা
নিউজডেস্ক-ঢাকাপ্রেস-৫ এপ্রিল ২০২৬ (রোববার):
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার দুপুরে রাজধানীর বেইলি রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি Stefan Liller।
বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় স্টেফান লিলার মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
পুলিশ সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার ধাপে ধাপে সংস্কারের পথে এগোচ্ছে। তিনি জানান, পুলিশের পুনর্গঠন, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে ইউএনডিপি সহযোগিতা করতে পারে।
এ বিষয়ে ইউএনডিপি আবাসিক প্রতিনিধি সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, জাতীয় মানবাধিকার কমিশন গঠনে সংস্থাটির দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে এবং অধ্যাদেশ প্রণয়নেও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের চেষ্টা করা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাধীন পুলিশ কমিশন গঠনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিষয়টি বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আরও পর্যালোচনার পর এটি সংসদে তোলা হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান খসড়ার কিছু সংজ্ঞা এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে প্রকৃত নির্দেশদাতাকে শনাক্ত করা কঠিন হতে পারে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মন্ত্রী বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তদন্তকারী সংস্থা নয়, তাই তদন্তের ক্ষমতা তাদের দেওয়া হয়নি। তবে ক্যাম্পে নিরাপত্তা জোরদারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ শাখার যুগ্মসচিব রেবেকা খান, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ Sonali Dayaratne, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ Anowarul Haq এবং রুল অব ল, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক অ্যাডভাইজর Romana Schweiger সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬