গাইবান্ধায় পুলিশ কনস্টেবল পদে ৪৫ জনের চূড়ান্ত নিয়োগ
সিরাজুল ইসলাম রতন , গাইবান্ধা প্রতিনিধি:
“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে জেলা পুলিশ। মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ৪৫ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৮ মে) গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

চূড়ান্তভাবে নির্বাচিত ৪৫ জনকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টিআরসি পদে অনলাইনে মোট ৩ হাজার ৯৪২ জন আবেদন করেন। এর মধ্যে শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ড্যুরেন্স টেস্ট (পিইটি) শেষে ৪৫৩ জন প্রার্থী পরবর্তী ধাপে উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৫২ জন, যার মধ্যে ৭১ জন উত্তীর্ণ হন। পরে মনস্তাত্ত্বিক পরীক্ষাসহ অন্যান্য ধাপ সম্পন্ন করে চূড়ান্ত মেধা তালিকায় ৪৫ জন স্থান পান।
এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৯ জন প্রার্থীকে। নির্বাচিতদের মধ্যে ইতোমধ্যে চূড়ান্ত নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬