|
প্রিন্টের সময়কালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৬ ০১:৪২ অপরাহ্ণ

সিরাজদিখানে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩


সিরাজদিখানে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩


সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
 

রোববার সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদার এবং যুবদলের আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য সিফাতুল ইসলাম জনির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে একটি দল শাহাদাত শিকদারের ভাতিজা আবু সাঈদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
 

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

শাহাদাত শিকদারের অভিযোগ, জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ভাতিজার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
 

তবে অভিযোগ অস্বীকার করে সিফাতুল ইসলাম জনি বলেন, তিনি গত তিন দিন ধরে ঢাকার বাইরে অবস্থান করছেন। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬