দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন
দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংস কর্মকাণ্ডে জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এগোচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থার পর এবার এ বিষয়ে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রধান কাজা কালাস। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরির নতুন সরকারের অবস্থান পরিবর্তনের ইঙ্গিতের পর নিষেধাজ্ঞা অনুমোদনের পথ অনেকটাই সহজ হয়েছে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ পদক্ষেপে বাধা দিয়ে আসছিলেন। তবে নতুন প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতিতে পরিবর্তনের আভাস মিলেছে। তিনি দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি বসতি কার্যক্রমের বিরুদ্ধে প্রস্তাবিত নিষেধাজ্ঞায় আপত্তি না করার ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে।
কাজা কালাস বলেন, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এ নিষেধাজ্ঞা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক ঐকমত্য হতে পারে বলে তিনি আশা করছেন। বিভিন্ন রাষ্ট্র নিজেদের প্রস্তাবও দিয়েছে এবং এখন এগুলো নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভাল্টোনেন বলেন, পশ্চিম তীরে সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। তার মতে, গাজা ও পশ্চিম তীর—উভয় অঞ্চলের পরিস্থিতিই সাম্প্রতিক মাসগুলোতে আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
এদিকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেনডসেন আরও কঠোর অবস্থানের পক্ষে মত দিয়েছেন। তিনি অবৈধ ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্যের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে গেলেও ইসরায়েলি কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফলে সহিংসতার ঘটনা আরও বাড়ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১১ হাজার ৭৫০ জন এবং আটক করা হয়েছে প্রায় ২২ হাজার মানুষকে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে হামলা চালানোর পর গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬