বিশ্বকাপের সবচেয়ে দামি স্কোয়াড ফ্রান্সের, বেশ পিছিয়ে ব্রাজিল
বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই শুরুর আগেই দলগুলোর আর্থিক মূল্যমান নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোন দলটির ফুটবলারদের বাজারমূল্য সবচেয়ে বেশি, তা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফুটবলভিত্তিক প্রযুক্তি সংস্থা 'ট্রান্সফাররুম'।
তাদের গবেষণায় দেখা গেছে, বর্তমান বিশ্ব ফুটবলে সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। তবে এই তালিকায় বেশ পিছিয়ে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অবস্থান এই তালিকায় ষষ্ঠ।
খেলোয়াড়দের বয়স, বর্তমান ফর্ম, ভবিষ্যৎ সম্ভাবনা, চুক্তির মেয়াদ এবং লিগের মানদণ্ড বিবেচনা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সব সূচক মিলিয়ে ফরাসি ফুটবলারদের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪৬ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৮৬৮ কোটি টাকার সমান।
ফ্রান্সের এই আকাশচুম্বী মূল্যের পেছনে বড় অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলের মতো বিশ্বমানের তারকারা। তরুণ ও অভিজ্ঞদের দারুণ সমন্বয়ে গড়া এই দলটি এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে মূল্যবান দল।
ফরাসিদের ঠিক পরেই তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে স্পেন, ইংল্যান্ড, জার্মানি এবং পর্তুগাল। শতকোটি ইউরোর বেশি বাজারমূল্য থাকায় এই পাঁচটি দেশকে 'বিলিয়নিয়ার ক্লাব' হিসেবে গণ্য করা হচ্ছে।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই তালিকায় অনেকটাই পিছিয়ে রয়েছে। লিওনেল মেসিদের দলের বর্তমান অবস্থান অষ্টম, যার মোট বাজারমূল্য প্রায় ৭৩ কোটি ৯০ লাখ ইউরো। ফুটবল বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার অনেক ফুটবলার ইউরোপের একদম শীর্ষ সারির ক্লাবে নিয়মিত না খেলায় দলটির সামগ্রিক মূল্য কিছুটা কম।
দলগত মূল্যের পাশাপাশি এককভাবে সবচেয়ে দামি ফুটবলারদের একটি তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। এই তালিকার শীর্ষে চমক দেখিয়েছেন স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল, যার ব্যক্তিগত বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ইউরো।
ইয়ামালের পরেই দ্বিতীয় অবস্থানে আছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, যার মূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ ইউরো। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১৮ কোটি ইউরো।
বিশ্বকাপ শুরুর আগে ফুটবলারদের মূল্যের এই পরিসংখ্যান সমর্থকদের আলোচনা ও বিতর্কে নতুন খোরাক জুগিয়েছে। তবে মাঠের মূল লড়াইয়ে এই দামি দলগুলো কতটুকু সফল হতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬