নারায়ণগঞ্জে অবৈধ মজুতকৃত প্রায় ১৪ হাজার লিটার ডিজেল উদ্ধার
নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
জেলার বিভিন্ন এলাকায় গতকাল রাতভর পরিচালিত পৃথক অভিযানে এ সব ডিজেল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম অভিযানে গতকাল সন্ধ্যা প্রায় ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা ডিপোর ঈদগাহ সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মজুতকৃত ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ ঘটনায় মজুতদার সিফাতকে ৬ হাজার টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর এক অভিযানে, গোদনাইলের মেঘনা ডিপো সংলগ্ন এস.এ. রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে ৩ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬